• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জেন-জি ঝড়ের ৬ মাস পর নেপালে নির্বাচন আজ

প্রকাশিত: ১১:৩৪, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জেন-জি ঝড়ের ৬ মাস পর নেপালে নির্বাচন আজ

হিমালয়কন্যা নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ)। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বিকেল ৫টা (জিএমটি ১১:১৫ ঘণ্টা) পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্নীতিবিরোধী প্রাণঘাতী আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকার পতনের ছয় মাস পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু রাজনৈতিক দল ও কয়েকজন রাজনীতিবিদ নেপালের এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন। তাদের একজন ৩৫ বছর বয়সী তরুণ রাজনীতিক বালেন্দ্র শাহ যিনি ‘বালেন শাহ’ নামে পরিচিত। বালেন শাহ এবারের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) হয়ে লড়ছেন। ২০২২ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরএসপি চতুর্থ অবস্থানে ছিল। দলটির পক্ষ থেকে বালেন শাহকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছে।

অন্যদিকে, এই নির্বাচনে আরেক শক্তিশালী প্রতিপক্ষ নেপালি কংগ্রেস। দলটি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পরিবর্তে ৪৯ বছর বয়সী গগন থাপাকে নেতা নির্বাচিত করেছে। গগন থাপা প্রভাবশালী প্রার্থী।

ভোটের লড়াইয়ে থাকা অন্য প্রধান পক্ষগুলোর মধ্যে রয়েছে কে পি শর্মা ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল)। এছাড়া মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডর নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টিও এবারের নির্বাচনে প্রভাবশালী একটি পক্ষ। 

নেপালের পার্লামেন্টে মোট আসন ২৭৫টি। তার মধ্যে ১৬৫টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয় সরাসরি ভোটে, অর্থাৎ ওই আসনের প্রতিটিতে যে দলের প্রার্থী বেশি ভোট পান, তিনি জয়ী হন। অন্য ১১০টি আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে বণ্টিত হয়। দেশটির ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। 

উল্লেখ্য,  ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর নেপালে জেন-জি আন্দোলনে সরকার পতন হয়। পরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তখন থেকে দেখা দেয় রাজনৈতিক অনিশ্চয়তা। ওই আন্দোলনের ছয় মাস হওয়ার আগেই বৃহস্পতিবার হিমালয়কন্যা নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত