দশম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত, হামলার জবাবে পাল্টা হামলা!
টানা দশম দিনে গড়িয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেসামরিক অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইরান। আগুন লেগেছে বাহরাইনে ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বেপকোর তেল পরিশোধনাগারে। নিরাপত্তাহীনতায় সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবার। এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা খামেনি।
রমজানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে “ট্রু প্রমিজ-ফোর” অভিযানের ৩০তম পর্বের সূচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ও ইসরাইলকে লক্ষ্য করে চালানো এই হামলায় তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররামশাহর, হাইপারসনিক ফাত্তাহ এবং ব্যালিস্টিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি ছোড়া হয়েছে বিস্ফোরকবাহী একাধিক ড্রোন।
এই হামলার ধাক্কায় ইসরাইলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরাইল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তিনটি ভিন্ন এলাকায় পড়েছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে, নিরাপত্তা ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল-আদিরি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তেহরান।
ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুইজন আহত হয়েছেন। প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে ইরানের হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম বিন জাবের আল থানি।
সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় আগুন ধরে বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বেপকোর একটি তেল পরিশোধনাগারে। ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ঈসা আল খলিফা। তিনি বলেন, বন্ধুরাষ্ট্রে এ ধরনের হামলা বেআইনি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বেগতিক নিরাপত্তা পরিস্থিতিতে যেসব মার্কিন দূতাবাস কর্মীর উপস্থিতি জরুরি নয়, তাদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল-খালি মরুভূমির একটি তেলক্ষেত্রে হামলার আগে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার একই ধরনের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত ১২ জনের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই বাংলাদেশি।
এদিকে, ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র–ইসরাইল জোট। টানা ৯ দিনের হামলায় ১ হাজার ২৫৫ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুই শতাধিক নারী এবং ৫৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।
এছাড়াও, ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। একই সময়ে লেবাননে বিমান হামলা ও সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযানে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল। এ মাসের শুরু থেকে লেবাননে নতুন করে হামলায় এ পর্যন্ত অন্তত ৪০০ লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি।
এই বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: