ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ছবি: আমিরাত কর্মকর্তাদের প্রেস ব্রিফিং
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না এবং তারা এই যুদ্ধে জড়াতে চায় না।
জেনেভায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার (৯ মার্চ) জাতিসংঘ সংবাদদাতা সমিতি (এসিএএনইউ)-এর সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, সংঘাতের শুরু থেকেই আমিরাত পরিষ্কারভাবে জানিয়ে এসেছে যে, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালিত হবে না।
রাষ্ট্রদূত মুশারখ আরও বলেন, আমিরাতের সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয়। বরং যুদ্ধে পক্ষ না হওয়া সত্ত্বেও দেশটিকে অযাচিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তার দাবি, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতের ওপর ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে ১ হাজার ৪০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। যদিও এর বেশিরভাগই দেশটির সশস্ত্র বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, এসব হামলায় পানি শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন।
মুশারখ বলেন, সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই উত্তেজনা কমাতে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে। গত ২৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা হয়েছিল। তবে দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে পরিস্থিতি দ্রুত যুদ্ধের রূপ নেয়।
এদিকে, গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর ওপর চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিভি/এমআর



মন্তব্য করুন: