• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

প্রকাশিত: ১২:৩২, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১২:৫০, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধার অভিযান চলছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যেই কাতারে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত মিশন পরিচালনার সময় দেশটির জলসীমায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরইমধ্যে হেলিকপ্টারটির ক্রু ও যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির’ কারণে কাতারের সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হেলিকপ্টারটিতে মোট কতজন যাত্রী ও ক্রু ছিলেন সে বিষয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য জানায়নি কাতার।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষায়িত দলগুলো বর্তমানে দেশটির জলসীমার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে সমন্বিত কার্যক্রম নিশ্চিতে ইউনিটগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে এবং তারা নির্ধারিত অনুসন্ধান এলাকাগুলোয় কাজ করছে।

ইরানে আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত জোরালো হলে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল ও ড্রোন আল-উদেইদে কাতারের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে পারেনি। ইরানের এমন হামলার মধ্যেই কাতারের সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল। যদিও কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বিভি/টিটি

মন্তব্য করুন: