ধসের পর বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বুধবার (২৫ মার্চ) মূল্যবান ধাতুটির দাম দুই শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, মার্কিন ডলারের দাম কিছুটা কমে যাওয়ায় এবং তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনার খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সেই কারণে বেড়েছে স্বর্ণের দাম।
বুধবার (২৫ মার্চ) স্পট গোল্ডের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,৫৭০.৭৪ ডলারে পৌঁছেছে। এছাড়া এপ্রিল মাসের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩.৮% বেড়ে ৪,৫৬৯.১০ ডলারে দাঁড়িয়েছে। ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বলতার কারণে আবারও স্বর্ণের ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে চাহিদা বাড়ছে। ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেছেন, ডলারের শক্তি কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের ওপর চাপ কমেছে। এটি আবার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
স্বল্পমেয়াদে স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, ডলারের গতিপ্রকৃতি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: