• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, ক্ষোভে ফুঁসছে রিয়াদ

প্রকাশিত: ১৫:০১, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৫:০২, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, ক্ষোভে ফুঁসছে রিয়াদ

ছবি: ফাইল ফটো

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিচালনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে সৌদি আরবের নেতৃত্বের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। শুধু যুদ্ধের কৌশল নয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ট্রাম্পের একটি অশালীন মন্তব্যও রিয়াদকে ক্ষুব্ধ করেছে। ব্রিটিশ গবেষণা সংস্থা চাথাম হাউজের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নিল কুইলিয়াম বৃহস্পতিবার (২ এপ্রিল) ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, হোয়াইট হাউজের প্রতি সৌদি আরব এখন ‘যারপরনাই হতাশ’। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি, যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর ওপর চাপানোর ইঙ্গিত এবং সৌদি নেতৃত্ব নিয়ে কটূক্তির কারণে সৌদি কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে উঠেছে। বিশেষ করে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে—‘ক্রাউন প্রিন্স ভাবেননি তাকে আমার পশ্চাৎদেশে চুমো খেতে হবে।’ নিল কুইলিয়ামের মতে, ট্রাম্পের এমন বক্তব্য সৌদি নেতৃত্বকে শুধু অপমানিতই করেনি, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতির বিষয়ে তাদের আরও অনিশ্চিত করে তুলেছে।

এদিকে ট্রাম্পের আরেক বক্তব্যও সৌদি আরবকে উদ্বিগ্ন করেছে। ট্রাম্প বলেছেন, যারা হরমুজ প্রণালী ব্যবহার করে সুবিধা নেয়, তাদেরই এটি নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে। বিশ্লেষকদের মতে, এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।

অন্যদিকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্নার্ড হায়কেল বলেন, সৌদি আরব প্রথমে মনে করেছিল ইসরাইল যদি ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র তাতে যোগ দেয়, তাহলে তারা নিরাপদ থাকবে। সৌদির প্রত্যাশা ছিলো ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হবে। কিন্তু যুদ্ধ যেভাবে এগোচ্ছে এবং ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা তুলে ধরছে, তাতে সৌদি নতুন করে হিসাব-নিকাশ করতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, হোয়াইট হাউজ যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর কাছ থেকে আদায়ের ইঙ্গিত দিলে সৌদি নেতৃত্ব আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

বিভি/এমআর

মন্তব্য করুন: