ইরান যুদ্ধ নিয়ে হঠাৎ পুতিনকে এরদোয়ানের ফোন, হলো যেসব আলোচনা
মার্কিন-ইসরাইলের যৌথ হামলার পাল্টা জবাব সমানে দিয়েই চলেছে ইরান। এই যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে।
আলোচনায় দুই নেতা উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন, চলমান সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পর্যায়েও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে—বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স একাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুতিন ও এরদোয়ান দ্রুত যুদ্ধবিরতি এবং সমঝোতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অভিন্ন মত প্রকাশ করেন। তারা জোর দেন, এই শান্তি প্রক্রিয়ায় অঞ্চলের সব দেশের বৈধ স্বার্থের প্রতি সম্মান জানানো জরুরি।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন, আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান।
এছাড়া, কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া ও তুরস্ককে সংযুক্ত করা গ্যাস পরিবহন অবকাঠামো এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচেষ্টার প্রেক্ষিতে, দুই প্রেসিডেন্ট কৃষ্ণসাগর অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
এদিকে, দুই নেতা দ্বিপাক্ষিক রাজনৈতিক ও বাণিজ্য-অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি খাতে যৌথ কৌশলগত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: