• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পাকিস্তানে গণপরিবহনে যাত্রীদের জন্য এক মাসের বিশাল সুযোগ

প্রকাশিত: ২০:১৭, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:১৯, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানে গণপরিবহনে যাত্রীদের জন্য এক মাসের বিশাল সুযোগ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব-এ সরকারি পরিবহন আগামী এক মাসের জন্য ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ খবর জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির কারণে পাকিস্তান সরকার হঠাৎ করেই জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ায়। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে নেওয়া এক সিদ্ধান্তে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বাড়ায় দেশটি। যা নিয়ে বিভিন্ন স্থানে সড়ক বিক্ষোভ শুরু হয়। একই সঙ্গে জ্বালানি স্টেশনগুলোতে মোটরবাইকের দীর্ঘ সারিও দেখা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, “আগামীকাল (৪ এপ্রিল) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করা হবে।”

তিনি আরও জানান, এ সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৩৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ১৬ লাখ সিঙ্গাপুর ডলার) ব্যয় হবে।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ-ও প্রদেশটিতে সরকারি পরিবহনে যাতায়াতের ভাড়া মওকুফ করার ঘোষণা দেন। পাশাপাশি ট্রাক ও বাস খাতে “টার্গেটেড ভর্তুকি” দেওয়ার কথাও জানান তিনি।

মরিয়ম নওয়াজ পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়তি খরচ যেন যাত্রী ও ভোক্তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। তিনি বলেন, “পরিস্থিতি উন্নত হলে আমরা দ্রুত জনগণের ওপর থেকে অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছি।”

বিভি/এজেড

মন্তব্য করুন: