এক রাতের মধ্যে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কড়া বার্তা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে ইরানকে এখনই যুক্তিসঙ্গত চুক্তি করতে হবে এবং বিনা শর্তে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও জানান, ধ্বংসের পর ওই সব বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো আর কখনো ব্যবহারযোগ্য হবে না এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করতে চার ঘণ্টার বেশি সময় লাগবে না।
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের ইতিবাচক সাড়া না পাওয়ায় ট্রাম্প ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছেন। তবে তার হুঁশিয়ারিকে ইরান বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে এবং তেহরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে একাধিক ইরানি কর্মকর্তা।
ইউরোপীয় কাউন্সিল সতর্ক করেছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। এরই মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানজুড়ে হামলা জোরদার করেছে। সোমবার অন্তত ৩৪ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরাইলে হামলা চালাচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: