• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ইরানে পাইলট নিখোঁজের তথ্য ফাঁস হওয়ায় গণমাধ্যমকে হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:১৬, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২৯, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইরানে পাইলট নিখোঁজের তথ্য ফাঁস হওয়ায় গণমাধ্যমকে হুমকি দিলেন ট্রাম্প

সম্প্রতি ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর এক পাইলট নিখোঁজ হওয়ার খবরটি আগে জানতো না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন প্রশাসনের অভ্যন্তরে থাকা একজন ‘তথ্যফাঁসকারী’ এই গোপন সংবাদটি গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছে উদ্ধার অভিযান।

সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী সফলভাবে একজন বৈমানিককে উদ্ধার করলেও দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। কিন্তু সংবাদমাধ্যমে খবরটি আসার আগে ইরান জানত না যে আরও একজন বৈমানিক নিখোঁজ রয়েছেন। এই তথ্যটি প্রকাশ্যে আসার পরপরই উদ্ধার অভিযান কয়েক গুণ কঠিন হয়ে পড়ে। 

এদিকে খবরটি দেখার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে ওই বৈমানিককে আটক করতে বিশাল অংকের পুরস্কার ঘোষণা করে। এতে স্থানীয় পর্যায়ে ওই সেনাকে খুঁজে বের করার জন্য এক ধরনের শিকার শুরু হয়ে যায়, যা মার্কিন বাহিনীর পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলে দেয়।

তথ্য ফাঁসকারীকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ঘটনার শেষ দেখা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ সরাসরি ওই সংবাদমাধ্যমের কাছে যাবে যারা প্রতিবেদনটি প্রকাশ করেছে। তারা যদি তথ্যের উৎস বা সোর্সের পরিচয় প্রকাশ না করে, তবে তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

ট্রাম্পের ভাষায়, ‘হয় সোর্সের নাম দিন, নয়তো জেলে যান।’ তবে ঠিক কোন সংবাদমাধ্যম এই খবরটি প্রথম প্রকাশ করেছে, তা তিনি স্পষ্ট করেননি। 

পাইলট নিখোঁজের পর ইরানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পেয়েও যায় সেই পাইলটকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: