• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুদানে স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, নিহত অন্তত ৭০

প্রকাশিত: ২১:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুদানে স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, নিহত অন্তত ৭০

সুদানের পশ্চিম কোর্দোফান প্রদেশে একটি স্বর্ণের খনিতে ভয়াবহ ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত খনির সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু খনি শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কোর্দোফান অবজারভেটরি নামের একটি পর্যবেক্ষণকারী সংগঠন এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, খনিতে আটকে পড়াদের উদ্ধারে এখনো কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল যোগ দেয়নি। স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম নিয়ে আলগা ও বালুময় মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৮২ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কতজন আটকা পড়ে আছেন, তার সঠিক সংখ্যা জানা যায়নি। সাধারণ সরঞ্জাম ব্যবহার করেই উদ্ধারকাজ চলছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা এএফপিকে জানান, তিনি ও অন্য শ্রমিকেরা রাতভর নিজেদের সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছেন। তবে উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানান তিনি। আরেক শ্রমিক আমিন সুলেইমান বলেন, খনির সুড়ঙ্গগুলো এত কাছাকাছি ছিল যে একটি সুড়ঙ্গ ধসে পড়ার সময় পাশের সুড়ঙ্গগুলোও ধসে যায়।

স্থানীয় সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে। খার্তুমভিত্তিক চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খনিটিতে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় মৌলিক নিরাপত্তাব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি খনি কর্তৃপক্ষের অবহেলার সমালোচনা করে বলেছে, যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও সুরক্ষা সরঞ্জাম না থাকায় শ্রমিকদের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। পশ্চিম কোর্দোফান বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে বাহিনীটির সংঘাত চলছে। অঞ্চলটিতে অনিয়ন্ত্রিত ও চোরাচালানের মাধ্যমে উত্তোলিত স্বর্ণ আরএসএফের আয়ের অন্যতম উৎস বলে জানা যায়।

সুদান আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ। দেশটির স্বর্ণের বড় একটি অংশই অনিরাপদ ও অনানুষ্ঠানিকভাবে পরিচালিত পুরোনো বা অনুমোদনহীন খনি থেকে উত্তোলন করা হয়।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: