• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে ইরানের নতুন চমক! একসঙ্গে ৩ স্যাটেলাইট, তৈরি হচ্ছে ২৪ স্যাটেলাইটের নক্ষত্রমণ্ডল

প্রকাশিত: ১৮:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মহাকাশে ইরানের নতুন চমক! একসঙ্গে ৩ স্যাটেলাইট, তৈরি হচ্ছে ২৪ স্যাটেলাইটের নক্ষত্রমণ্ডল

ইরানের মহাকাশ কর্মসূচিতে নতুন গতি আনার পরিকল্পনা নিয়েছে তেহরান। চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২০২৭ সালের ২০ মার্চের মধ্যে, শহিদ সোলেইমানি স্যাটেলাইট মণ্ডলের আওতায় তিনটি স্যাটেলাইট একসঙ্গে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি। বুধবার এ তথ্য জানিয়েছেন ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশেমি।

হাশেমি জানান, শহিদ সোলেইমানি স্যাটেলাইটমণ্ডলে মোট ২৪টি স্যাটেলাইট থাকবে। এর মধ্যে ১৮টি মূল স্যাটেলাইট এবং ছয়টি রিজার্ভ হিসেবে রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে তিনটি স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপণ করা হবে; পরবর্তী সময়ে ধাপে ধাপে বাকি স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হবে। এর আগে আগস্টেও হাশেমি জানিয়েছিলেন, একটি মাত্র উৎক্ষেপণ অভিযানে তিনটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইরানের মহাকাশ অবকাঠামোতেও চলছে সমান্তরাল উন্নয়ন। হাশেমি জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহার স্পেইস সেন্টারের প্রথম ধাপের কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে। এর অগ্রগতি আগে প্রায় ৪০ শতাংশে ছিল। যোগাযোগ ও রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর ক্ষেত্রে এই কেন্দ্রকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করছে তেহরান। সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির কিছু উৎক্ষেপণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও মহাকাশ কর্মসূচি এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সরকার।

শুধু একাধিক মহাকাশযান কক্ষপথে পাঠানো নয়, আরো নানা কারণে ইরানের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ। দেশটির কর্মকর্তারা যোগাযোগ, রিমোট সেন্সিং, কৃষি, পানি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক বিভিন্ন সরকারি সেবায় মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলে আসছেন। একই সঙ্গে পৃথিবীর নিম্ন কক্ষপথে একাধিক স্যাটেলাইটের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে তেহরান। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে নিজস্ব স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল গঠনের পথে নতুন অধ্যায়ে প্রবেশ করবে ইরান। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: