আরামকোর স্থাপনা লক্ষ্য করে হুথিদের হামলা, আহত ৪
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পরপরই সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনসহ কৌশলগত স্থাপনা লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা। হুথিদের হামলায় সৌদি রাজধানী রিয়াদে অন্তত চারজন আহত হয়েছেন।
ইয়েমেনের রাজধানী সানার আল-সাবাহ এলাকায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কেন্দ্রীয় স্টেশন খালি করার জন্য সাধারণ নাগরিক ও কর্মীদের জরুরি নির্দেশ দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এর কিছুক্ষণের মধ্যেই সানায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়, সানার ওই তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জবাবে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা।
সৌদি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে রিয়াদের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হুথিদের হামলায় পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি ভবনে আগুন ধরে যায়। তবে সেখানে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, রিয়াদের কিং খালিদ ও দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনায় হুথিদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুথিদের আচরণকে ‘অত্যন্ত খারাপ’ বলে মন্তব্য করেছেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: