৫ ধাপে হবে ইউপি নির্বাচন, তারিখ জানালেন ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে আগামী ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জেলা নির্বাচন কমিশনাররা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করবেন। এটা সাধারণত নির্বাচনের ৬ সপ্তাহ আগে ঘোষণা হয়ে থাকে। যখন যে নির্বাচন হবে, এর ৪২ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত একটি কমিটির মাধ্যমে এটি সম্পাদন হবে। আমরা কিছু ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন (অভ্যন্তরীণ পুনর্বণ্টন) অ্যালাউ (অনুমোদন) করেছি।
এ ছাড়াও বৈঠকে মৃত ভোটারদের বাদ দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কীভাবে টাইমলি (সময়মতো) মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বৈঠকে আমরা একটি প্রস্তাবনা শুনেছি। এই প্রস্তাবনাটি পাইলট আকারে কিছু উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। পরবর্তীতে সফলতা বিবেচনায় হয়তো এটি পূর্ণাঙ্গভাবে সারা দেশে চালু হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: