• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হামলার মধ্যেই সৌদিতে নতুন বিপদ, হঠাৎ জরুরি সতর্কতা 

প্রকাশিত: ২৩:১৪, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হামলার মধ্যেই সৌদিতে নতুন বিপদ, হঠাৎ জরুরি সতর্কতা 

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়া থাকতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, ধুলিঝড় এবং কোথাও কোথাও টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে বিভিন্ন মাত্রার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত, প্রবল দমকা হাওয়া এবং ধুলাবালির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় দেখা দিতে পারে আকস্মিক বন্যাও।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পবিত্র নগরী মক্কা ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিঘ ও খুলাইসে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আল-লিথ ও আল-কুনফুদা এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এনসিএম জানিয়েছে, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে সড়কে ধুলা ও বালু ছড়িয়ে দৃশ্যমানতা কমে যেতে পারে, যা যান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ সৃষ্টির আশঙ্কাও রয়েছে। অতিভারী বৃষ্টির সময় কোনো কোনো এলাকায় টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরি হতে পারে।

প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ দিক পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে।

এ অবস্থায় বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনসিএম। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে সংস্থাটির ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সরকারি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত