দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১৩
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই একটি দাওয়াতে যোগ দিতে যাচ্ছিলেন।
বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই শিশু বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্মকর্তারা। উদ্ধার অভিযান পরিচালনায় মোতায়েন করা হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।
এদিকে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় নিষ্পাপ প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন তিনি। নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তার সমবেদনা রয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় স্থানীয় প্রশাসন কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিহার বিধানসভার বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদবও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, রাঘোপুর দিয়ারা এলাকায় নৌকাডুবির মর্মান্তিক খবর পাওয়া গেছে। ডুবে যাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিশু। স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করেন এবং এখনো নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তা কামনা করেন।
সূত্র: এনডিটিভি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: