• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

১২ দেশ ভ্রমণে ঝুঁকি, নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৯:৩১, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১২ দেশ ভ্রমণে ঝুঁকি, নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সংঘাত, ফ্লাইট বাতিল ও আকাশসীমা বন্ধ থাকার ঝুঁকি বিবেচনায় এসব দেশে আপাতত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো।

সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কতা জারি করা ১২টি দেশ হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।

বিবৃতিতে এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখা, সংশ্লিষ্ট মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এ প্রসঙ্গে সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বাহিনীর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি এবং ভ্রমণ ব্যবস্থায় বিঘ্নের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

মার্কিন কূটনৈতিক মিশনগুলো ভ্রমণকারীদের ফ্লাইটের সময়সূচি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট চলবে, এমনটা ধরে না নিয়ে বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইটসংক্রান্ত তথ্যের জন্য ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (স্টেপ)-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নিরাপত্তাবিষয়ক হালনাগাদ তথ্য পাওয়া যায় এবং জরুরি পরিস্থিতিতে কূটনৈতিক মিশনগুলোর পক্ষে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যমের খবর অনুসরণ, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং মোবাইল ফোন সচল ও চার্জযুক্ত রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি, মার্কিন দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: