ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন। গাছের নিচে চাপা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের। বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, অনাকাপল্লে, কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় একজন করে মারা গেছেন।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। ঐ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বিভি/এসজি













মন্তব্য করুন: