স্বামীকে হত্যা করে জিম প্রশিক্ষকের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন স্ত্রী, তবে...
ছবি: এনডিটিভি
স্বামীকে সরিয়ে একসঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করেছিলেন ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী ও তার জিম প্রশিক্ষক। অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে তারা স্বামীকে হত্যার ছক কষেন। পরিকল্পনা অনুযায়ী, বাড়িতে ঢুকে ওই ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাতও করেন প্রশিক্ষক। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান স্বামী। এ ঘটনায় স্ত্রী প্রিয়া শর্মা ও তার জিম প্রশিক্ষক প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ অক্টোবর সকালে দিল্লির কাছে গাজিয়াবাদের বসুন্ধরা সেক্টর-১ এলাকার জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে এ ঘটনা ঘটে। এলাকাটি ইন্দিরাপুরম থানার আওতাধীন।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে প্রিয়া শর্মা জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় তার জিম প্রশিক্ষক প্রতাপ সিং বাড়িতে ঢুকে প্রিয়ার স্বামী শশাঙ্ক কান্তারিয়াকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত শশাঙ্কের চিৎকার শুনে পালিয়ে যান প্রতাপ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর প্রাণে বেঁচে যান শশাঙ্ক।
পুলিশের তথ্য অনুযায়ী, ঝাঁসির পুরানি পাসারাত এলাকার বাসিন্দা শশাঙ্কের সঙ্গে প্রায় চার বছর আগে প্রিয়ার বিয়ে হয়। দুজনই দিল্লিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। প্রিয়ার এটি দ্বিতীয় বিয়ে বলে জানিয়েছে পুলিশ।
প্রতাপ সিং ‘ফিটনেস হেডকোয়ার্টার্স’ নামের একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। প্রিয়া গত সাত থেকে আট মাস ধরে ওই জিমে যাতায়াত করছিলেন। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তারা হোয়াটসঅ্যাপেও নিয়মিত যোগাযোগ করতেন বলে পুলিশের ভাষ্য।
জিজ্ঞাসাবাদে প্রতাপ জানিয়েছেন, তারা দুজন বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের দাবি, শশাঙ্ক তাদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে দীপাবলির পর অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করেন প্রিয়া ও প্রতাপ।
পুলিশের দাবি, গত ২৫ অক্টোবর সকালে দৌড়াতে বেরিয়ে শশাঙ্ককে হত্যার বিষয়ে আলোচনা করেন প্রিয়া ও প্রতাপ। পরদিন ছুরি নিয়ে প্রিয়ার বাড়িতে যান প্রতাপ। প্রিয়া বাড়ির ফটক খোলা রেখেছিলেন বলে পুলিশের ধারণা। সেই সুযোগে বাড়িতে ঢুকে শশাঙ্কের ওপর হামলা চালান তিনি।
পুলিশ আরও জানায়, ঘটনার আগের রাতেও প্রিয়া ও প্রতাপের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছিল। জিজ্ঞাসাবাদে অভিযোগ উঠেছে, প্রিয়ার অনুরোধেই শশাঙ্ককে ছুরিকাঘাত করেন প্রতাপ। এ ছাড়া শশাঙ্ক অফিসে চলে যাওয়ার পর প্রিয়া তাকে বাড়িতে ডাকতেন বলেও অভিযোগ করেছে পুলিশ।
শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা করেছে পুলিশ। প্রিয়া শর্মা ও প্রতাপ সিংয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এসব তথ্য পুলিশের বক্তব্য ও মামলার অভিযোগের ভিত্তিতে পাওয়া। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
সূত্র: এনডিটিভি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: