• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক আগামী সপ্তাহে

প্রকাশিত: ২০:৩৩, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৪, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক আগামী সপ্তাহে

ছবি: জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ ও ভলোদিমির জেলেনস্কি (বা থেকে)

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া। আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠেয় এই বৈঠকে মধ্যস্থতা করবে ওয়াশিংটন।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, আলোচনায় যুদ্ধের অবসান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন এবং মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। দুই সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে নতুন ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি দেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে আবুধাবি বৈঠকের আগে চলতি সপ্তাহে ব্রাসেলসে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন আলোচকরা। সেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে অর্থনৈতিক সহায়তা নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে এখনো ইউক্রেন ও রাশিয়ার অবস্থানে বড় ব্যবধান রয়েছে। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: