• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

১৯০ শিশুকে হত্যার দায়ে ‘ভণ্ড ধর্মগুরুর’ ২০০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২১:৪২, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১৯০ শিশুকে হত্যার দায়ে ‘ভণ্ড ধর্মগুরুর’ ২০০ বছরের কারাদণ্ড

কেনিয়ার আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ও ১৯০ জন শিশুকে না খাইয়ে হত্যার দায়ে বিতর্কিত ধর্মগুরু পল ম্যাকেনজিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (৬ নভেম্বর) আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ধারণা করা হয়, এই চক্রের প্ররোচনায় অনাহারে থেকে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রায় ঘোষণার সময় বিচারক ডায়ানা কাভেডজা জানান— শিশুদের না খাইয়ে রাখার অপরাধে ১০০ বছর এবং প্রত্যক্ষ হত্যাকাণ্ডের দায়ে আরও ১০০ বছর, অর্থাৎ সর্বমোট ২০০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ম্যাকেনজিকে।

মামলার বিবরণী ও প্রসিকিউশনের তথ্য মতে, কেনিয়ার পূর্ব উপকূলীয় এলাকার ভারত মহাসাগরের কাছে একটি দুর্গম বনাঞ্চলে 'গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ' নামে একটি সংগঠন চালাতেন ম্যাকেনজি। তিনি তার অনুসারী ও তাদের সন্তানদের মগজধোলাই করেন। তিনি প্রচার করতেন— 'পৃথিবীর কেয়ামত ঘটার আগেই স্বর্গে পৌঁছাতে হলে উপবাস থেকে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হবে।'

অনুসারীরা যাতে উপবাস না ভাঙতে পারে, সে জন্য ম্যাকেনজির সশস্ত্র সহযোগীরা সার্বক্ষণিক পাহারা দিত, হুমকি দিত এবং শারীরিক নির্যাতন চালাত। পরবর্তীতে ওই বনের গণকবর ও শৌচাগার থেকে শত শত কঙ্কালসার দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকারীদের দাবি, চরম অনাহারে দুর্বল হয়ে পড়া অনেককে জীবন্ত কবরও দেওয়া হয়েছিল।

রায় প্রদানকালে বিচারক কাভেডজা বলেন, ম্যাকেনজি তার ক্যারিশম্যাটিক বাচনভঙ্গি ও গণমাধ্যমের উপস্থিতিকে কাজে লাগিয়ে অনুসারীদের বিশ্বাস অর্জন করেছিলেন। এরপর অসহায় ও দুর্বল পরিবারগুলোকে নিশানায় পরিণত করেন।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে বিচারক বলেন, "ছোট ছোট শিশুরা নিজেদের চোখের সামনে ভাই-বোনদের দিনের পর দিন খিদে সয়ে মারা যেতে দেখেছে। কেউ ক্ষুধা সহ্য করতে না পেরে খাবার বা পানি নেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখা হতো, যা ছিল এক জীবন্ত নরক।"

যদিও পল ম্যাকেনজি বিচার চলাকালীন সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে তিনি কাউকেই না খেয়ে থাকতে বাধ্য করেননি। তবে আদালত তার এই যুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন।

গত মাসে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়া ম্যাকেনজির ২৮ জন সহযোগীকে অপরাধের মাত্রাভেদে ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। ম্যাকেনজিসহ প্রধান আসামিদের আইনজীবী লরেন্স ওবোনো জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত