যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির উদ্বোধন করা হয় ২২ নভেম্বর স্থানীয় সময় দুপুরে, ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে।
সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শহরটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং সড়কটির নামকরণের অন্যতম উদ্যোক্তা ও শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।
অনুষ্ঠানে শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলু মিয়া, উপদেষ্টা জসিমউদ্দীন, কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া ও অফিস সম্পাদক শাকির ভূঁইয়াসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা খালেদা জিয়ার নামে সড়কের নামকরণকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগের জন্য শাহ মোজাম্মেল নান্টু ও তার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।

সড়কটির নামকরণের প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এই উদ্যোগ তারই প্রতিফলন। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছেও সড়কটির নামকরণ বিশেষ গুরুত্ব বহন করে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নিয়েছিলেন শাহ মোজাম্মেল নান্টু।
গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ ডাউনটাউন এলাকার উইলিস টাওয়ারের সামনে সড়কটির সম্মানসূচক নাম ‘গণতন্ত্রের মা—বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। সড়কটির নামকরণের ফলে সেখানে আসা দর্শনার্থীরা খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।
বিভি/এসবি/এজেড













মন্তব্য করুন: