৪৬ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১ হাজার ৪৫৭ জনের নিয়োগে সুপারিশ
৪৬তম বিসিএস পরীক্ষা–২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন মনোনীত হয়েছেন।
কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে বিভিন্ন বিভাগে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।
কমিশন আরও জানায়, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। তবে এই মনোনয়ন কোনো প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চিত অধিকার সৃষ্টি করে না। নিয়োগসংক্রান্ত সব বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ এই মনোনয়ন কার্যকর করবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসির নির্ধারিত ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd)-এ পাওয়া যাবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: