৩০ আসনে পুনরায় ভোট গণনা ও বিজয়ীদের শপথ স্থগিতের দাবি জামায়াতের
৩০টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মী—বিশেষ করে নারী কর্মীরা—সহিংসতার শিকার হচ্ছেন এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। সহিংসতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের ঘটনা ঘটেছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, এসব আসনে ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফলাফল ঘোষণা করা হলেও ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে।
জামায়াতের দাবি অনুযায়ী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া-৩, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১৩, ঢাকা-১৭সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করতে হবে।
দলটির নেতারা আশা প্রকাশ করেন, পুনরায় ভোট গণনা করা হলে এসব আসনে তাঁদের প্রার্থীরাই বিজয়ী হবেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: