মঙ্গলবার নবনির্বাচিত এমপিদের শপথের প্রস্তুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শপথ গ্রহণ করবেন। ওইদিন তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বলেন, আপাতত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। পরদিন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।
নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি পেয়েছে ৬টি, স্বতন্ত্র পেয়েছে ৭টি আসন এবং অন্যান্য ৭টি আসনে জয় পেয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: