• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

প্রকাশিত: ১৩:৪৮, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে ভূমি মন্ত্রণালয়ের চিঠি

দেশজুড়ে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি পাঠানো ওই চিঠিতে সরকারি স্থাপনাগুলোতে বাড়তে থাকা নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে সরকারি দফতর লক্ষ্য করে দুর্বৃত্তদের অগ্নিসংযোগসহ সহিংস ঘটনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর উদাহরণ হিসেবে মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে সংঘটিত একটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে। গত ৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চিঠিতে আরও বলা হয়, একই সময়ে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে উপজেলা ভূমি অফিসের একটি কক্ষে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্টার, একটি কম্পিউটার, একটি প্রিন্টারসহ টেবিল, চেয়ার ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের বোতল, কয়েকটি খালি বোতল ও মাস্ক উদ্ধার করা হয়েছে, যেগুলো পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে আরও গুরুত্ব দিয়ে বলা হয়, উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত থাকে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সব মাঠপর্যায়ের ভূমি অফিসে অগ্নিসংযোগ বা অন্য কোনো ধরনের নাশকতা থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম এবং উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিবের সহযোগিতা কামনা করেছে ভূমি মন্ত্রণালয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: