• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবি ও স্মার্ট ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ২০:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রমজান উপলক্ষে কাল থেকে টিসিবি ও স্মার্ট ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল মঙ্গলবার থেকে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও চলবে। এখানে বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। 

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক থেকে পণ্য কিনতে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি গুনতে হবে নিম্নবিত্ত ক্রেতাদের।

নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। এবার পণ্যমূল্য বাড়ার প্রবণতা না থাকায় কিছুটা স্বস্তির কথা বলছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলছেন, বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। 

এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারাদেশে সাড়ে ৪শ’ ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি।

পণ্যের মূল্য তালিকা অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। কিন্তু ট্রাক সেল থেকে কিনলে একই পরিমাণ তেলের জন্য গুণতে হবে ২৩০ টাকা। একইভাবে চিনি ও ডালে কেজিপ্রতি ১০ টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে ট্রাক সেলে।

বিভি/এজেড

মন্তব্য করুন: