দুইটা শপথই নিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা
জটিলতার অবসান ঘটিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার কিছু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা।
যদিও জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেন তারা।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথও নিয়েছেন জামায়াতে ইসলামীর বিজয়ীরা। এই শপথও পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
এর আগে বেলা ১১টার দিকে নতুন সরকারে এমপি হিসেবে শপথ নেয় বিএনপি। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।
বিভি/এজেড



মন্তব্য করুন: