রমজানে মেট্রোরেলে পানি ও ইফতার নেয়া যাবে কী না জানালো কর্তৃপক্ষ
দুদিন পরই আসছে পবিত্র রমজান। রাজধানীবাসীর যোগাযোগের অন্যতম বাহন মেট্রোরেলের যাত্রীরা আছেন এক বার্তার অপেক্ষায়। ইফতারির সময় মেট্রোরেলে পানি বহন করা যাবে কীনা তা নিয়ে আছেন নানা সংশয়ে। এবার সেই সংশয় দূর করলো ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেড।
আসন্ন পবিত্র রমজান ঘিরে এক বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমটিসিএল। বিজ্ঞপ্তিতে বলেছে, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মি:লি: পানির বোতল বহন করতে পারবেন।
তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/Entry ও Exit গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া কোন অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলেও জানানো হয়েছে।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেড। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে (এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান) ৫.৩০ থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হয়েছে। আর স্বাভাবিক সময়ে এই ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রেও নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে এবং স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও এই সময়সূচি কার্যকর থাকবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: