• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিম

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে একযোগে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৫:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে একযোগে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

 

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সেই প্রত্যাশা পূরণের অংশীদার। তিনি বলেন, “সরকার তখনই সফল হবে, যখন আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন।” দেশকে নিজেদের প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। সে অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ঘোষিত সকল অগ্রাধিকার খাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণ জাতিকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত