প্রধানমন্ত্রীর ৩ উপ-প্রেস সচিব ও স্পিচ রাইটার পদে নিয়োগ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এবং তিনজন উপ-প্রেস সচিবকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুয়ায়ী প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবি-এর সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। পাশাপাশি সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্পিচ রাইটার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএএম মাহফুজুর রহমানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
উপ-প্রেস সচিব পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন নির্ধারণ করে যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে।
সেখানে আরও জানানো হয়েছে, এসব নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: