প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো’র পুড়িয়ে দেওয়া ভবনে অনুষ্ঠিত ‘প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন’ শীর্ষক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, চার্জশিট দাখিলের পর মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়।
তিনি আরও বলেন, এই ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। বিশ্বের সামনে মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। প্রগতি বিরোধী, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তিদের উদ্দেশ্যে একটি রমরমা বার্তা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে সারা বিশ্বকে দেখাবো যে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের উন্নয়ন কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা তাদের রুখে দিবো।
মন্ত্রী আরও বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় এটি বাস্তবায়ন করতে চাই। প্রদর্শনীটি যেন একটি জীবন্ত জাদুঘরের মতো মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কীভাবে জেগে ওঠা যায়, তার প্রচেষ্টা এখানে ফুটে উঠেছে। এ প্রদর্শনী থেকে আমরা শিখেছি যে, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি প্রগতির দড়ি টানতে চাইলেও ইতিহাস সাক্ষ্য দেয় – তারা কখনো সফল হতে পারে না। আমরা তখনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ গ্রহণের দাবি করেছি।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল এবং বিদেশে কথা শুনতে হয়েছে। আমরা প্রতিজ্ঞা করতে পারি যে, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং সারা সমাজকে এ প্রতিজ্ঞা করতে হবে। আমি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশে সত্যিকারের স্বাধীন গণমাধ্যম হিসাবে আবার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয় উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যেকোনো পত্রিকার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। তার সমালোচনা হতে পারে, নিয়মমাফিক প্রতিবাদও করা যায়। কিন্তু দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর আগুন ধরিয়ে দেওয়ার মতো হামলার পুনরাবৃত্তি ঘটালে সাধারণ নাগরিকদের এগিয়ে দাঁড়ানো উচিত।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী ধ্বংসস্তূপ পরিদর্শন করেন এবং ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ঘুরে দেখেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: