জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মনি
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৬৪, ১৯৭২)-এর অনুচ্ছেদ ৩(১) এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত করিলেন।
নুরুল ইসলাম মনি ১৯৮৮ ও ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। তবে বিজয়ী হতে পারেননি। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান।
ছাত্রদলের পক্ষে নুরুল ইসলাম মনির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তানু বলেন, বরগুনাবাসীর স্বপ্ন ছিলো নুরুল ইসলাম মনি মন্ত্রী হবেন। কারণ তিনি একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। তিনি অভিজ্ঞ। তারপরও প্রধানমন্ত্রী তাকে চিপ হুইফ করেছেন তাতে আমরা বরগুনাবাসী আনন্দিত এবং সম্মানিতবোধ করছি।
তিনি আরো বলেন, গত ১৭ বছর পাথরঘাটা-বামনা-বেতাগীর উন্নয়ন থমকে ছিলো। আবারো নুরুল ইসলাম মনির হাত ধরে নতুন ও টেকসই উন্নয়ন শুরু হবে। যা তিনি শুরু করেছিলেন ১৯৮৮ সালে।
চিফ হুইপের দায়িত্ব হলো-সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিল বা প্রস্তাবে দলীয় অবস্থান সমন্বয় করা।
বিরোধী দল থেকেও চিফ হুইপ নিযুক্ত হন। এবারের সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলামকে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: