৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
সরকার প্রতিবছর ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচনে সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। জাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার চিন্তা করা হচ্ছে।’
পরিকল্পিতভাবে জাকাত দিলে দারিদ্র্য দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।
এ সময় ব্যবসায়ীদের অসাধু পন্থা অবলম্বন না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রমজান মাসে যাঁরা অশোভন পন্থা অবলম্বন করছেন, তাঁদের প্রতি অনুরোধ থাকবে মানুষকে কষ্ট না দেওয়ার।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে বড় পরিসরে এটিই শেষ ইফতার আয়োজন।
এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে এই ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক অংশ নেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: