ঈদে ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা কে কত টাকা পাবেন, জানালো সরকার
প্রতীকী ছবি
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেবে সরকার। শুধু তাই নয়, অন্যান্য ধর্মের যাজক, পুরোহিত, বিহার অধ্যক্ষদেরও ভাতা প্রদান করা হবে।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা বলেন, এ ছাড়া প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।
সরকার ১ম পর্যায়ে আসন্ন ঈদুল-ফিতর ২০২৬ এর পূর্বেই একটি পাইলট স্কীমের আওতায় মাসিক সম্মানী চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে ০১টি করে মোট ৪,৯০৮ (চার হাজার নয়শত আট)টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে ০২টি করে মোট ৯৯০ (নয়শত নব্বই) টি মন্দির, সারাদেশে ৭২টি উপজেলায় বৌদ্ধ বিহার অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ০২টি করে মোট ১৪৪ (একশত চুয়াল্লিশ) টি বৌদ্ধ বিহার ও ১৯৮টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ০২ টি করে মোট ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) টি গির্জা নির্বাচন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার/প্যাগোডা, চার্চ/গির্জা অন্তর্ভুক্ত করে উক্ত সম্মানি প্রদান করা হলে সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক ৪,৪০০ কোটি টাকা। সরকার আগামী ৪(চার) অর্থবছরে মোট চারটি ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে ১ম ধাপে ২০২৬ ২৭ অর্থবছরে এক-চতুর্থাংশ অর্থাৎ ১১০০ কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে দুই-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ২২০০ কোটি টাকা, ২০২৮ ২৯ অর্থবছরে তিন-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ৩৩০০ কোটি টাকা এবং ২০২৯-৩০ অর্থবছরে সমুদয় অর্থাৎ ৪৪০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। তারপর থেকে প্রতি অর্থবছরে ৪৪০০ কোটি টাকা করে অর্থ বরাদ্দের প্রযোজন হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: