• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যুদ্ধের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিলো সরকার

প্রকাশিত: ২০:০৫, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিলো সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ জানিয়েছে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে দেশে এসে যারা যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না, বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরান তথ্য মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা চরম নিরাপত্তাঝুঁকি ও আতঙ্কে রয়েছেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে ৪ জন বাংলাদেশি নিহত ও অনেকে আহত হয়েছেন। আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের ফলে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং অনেক প্রবাসীর সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, যেসব প্রবাসী দেশটিতে অবস্থান করছেন, তাদের বর্তমানে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি সবাইকে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে প্রবাসীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, যারা ছুটিতে দেশে এসেছেন এবং যাদের মধ্যপ্রাচ্যের কর্মস্থলে ফেরার সুযোগ সীমিত হয়েছে, তাদের জন্য সরকার ভিসার মেয়াদ বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তারা নিয়মিত নির্দেশনা প্রদান করছে এবং প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত