সরকারি ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী
পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।
জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
তথ্যসূত্রে জানা যায়, মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করবেন। এ সময় আবর্জনা পরিষ্কারের জন্য দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের মন্ত্রিসভার বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া, আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির এই আমেজের মধ্যেও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: