• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঈদের দিন কারাবন্দিদের জন্য যে খাবারের ব্যবস্থা

প্রকাশিত: ২০:৩৯, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের দিন কারাবন্দিদের জন্য যে খাবারের ব্যবস্থা

ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। বরাবরের মতো এবারও দুই ঈদে বন্দিদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কারা অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছে। হাজতি ও কয়েদি মিলিয়ে দেশের এসব কারাগারে এখন প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দি অবস্থান করছেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন সকালে তাদের নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা, সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি। তবে যারা গরু খান না এবং সনাতন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর বদলে খাসির মাংসের ব্যবস্থা থাকবে। এছাড়া রাতের খাবারের মেনুতে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

কারা সূত্র জানায়, নির্ধারিত এই মেনুর বাইরেও অনেক কারাগার সরকারি বরাদ্দকৃত অর্থ দিয়ে দুই-একটি আইটেম পরিবর্তন বা অতিরিক্ত হিসেবে কোমল পানীয় সরবরাহ করে থাকে।

খাবারের পাশাপাশি বন্দীদের জন্য ধর্মীয় ও বিনোদনমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকালে প্রতিটি কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে বন্দিদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কারাবন্দি শিল্পীরাই গান পরিবেশন করবেন। এছাড়া ঈদের পরদিন তাদের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দিরা ঈদের দিন স্বজনদের রান্না করে আনা খাবার খাওয়ার সুযোগ পাবেন। এছাড়া বিশেষ এই দিনে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত পাঁচ মিনিট ফোনে কথা বলার সুযোগ দেয়া হবে। ঈদের তিন দিনের মধ্যে যেকোনো এক দিন স্বজনরা বন্দিদের সঙ্গে সরাসরি দেখাও করতে পারবেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: