• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাগরে আটকে থাকা জাহাজেই ঈদের নামাজ পড়লেন বাংলাদেশি নাবিকরা

প্রকাশিত: ২০:৫৯, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সাগরে আটকে থাকা জাহাজেই ঈদের নামাজ পড়লেন বাংলাদেশি নাবিকরা

যুদ্ধের ডামাডোলের মধ্যেই এসেছে ঈদুল ফিতর। শঙ্কা-দুঃখ পাশ কাটিয়ে ঈৎসবে মে উঠেছে মুসলিম বিশ্ব। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে আটকে থাকা জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশি নাবিকরা। 

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রার নেভিগেশন ব্রিজে ঈদের নামাজ আদায় করেন ৩১ জন নাবিক।ক্ষেপণাস্ত্র–ড্রোনের হামলার সতর্কতার মধ্যে দিনটি কাটিয়েছেন স্বজনদের সঙ্গে কথা বলে।

ইরান যুদ্ধের কারণে ১০ দিন ধরে পারস্য উপসাগরে আটকে জাহাজ বাংলার জয়যাত্রা। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করার পর হরমুজ প্রণালি আর অতিক্রম করতে পারেনি তারা।

বাংলার জয়যাত্রার মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান জানান, ঈদের দিন এমনিতেই আমরা জাহাজে আনন্দ করি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। তবু সবাই মিলে দিনটা আনন্দে কাটানোর চেষ্টা করছি।

নাবিকরা সকালে ঈদের নামাজ শেষে একসঙ্গে ছবি তোলেন। দিনটি কাটছে গান শোনা, সিনেমা দেখা আর আড্ডায়।

নাবিকদের সকালের নাশতায় ছিল সেমাই, নুডলস, খেজুর, ডিম ও জুস। দুপুরে ছিল বিশেষ আয়োজন—পোলাও, উটের মাংস, গরুর মাংস ও স্মোকড ফিশ।

জাহাজের প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান বলেন, ঈদের দিন সবাই পরিবারের সঙ্গে কথা বলেছি। যুদ্ধ পরিস্থিতির চাপ কিছুটা কমানোর চেষ্টা করছি।

গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই শুরু হয় সংঘাত। যুদ্ধের মধ্যেই পণ্য খালাস শেষ করে ১১ মার্চ জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এর পর থেকে পারস্য উপসাগরেই অবস্থান করছে জাহাজটি। কবে নাগাদ জাহাজটি দেশে ফিরতে পারবে, তা এখনো জানা যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: