• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ঈদের ফিরতি যাত্রায় লঞ্চে ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:৩২, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ২২:৩৩, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের ফিরতি যাত্রায় লঞ্চে ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে লঞ্চভাড়া ১০ শতাংশ কম নিশ্চিত করা হবে। 

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রার পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় যাত্রীদের স্বস্তিতে রাখতে ভাড়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে যেন ৪৫০ টাকার উপরে ভাড়া না নেওয়া হয় যাতে ৪৫০ টাকার মধ্যেই নেওয়া হয়। এটি আমরা আগেও নিশ্চিত করেছি এবং এই যে ঈদের ফিরতি যাত্রা তাতেও আমরা ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করবো।

লঞ্চঘাটে উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন, কারণ আমরা এবং আপনারা সবাই নৌ যাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেইনগুলো (অভিযোগ) আমাদের কাছে করবেন; আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আগেও নিয়েছি এবং আমি ফিরতি যাত্রায়ও নেব। দক্ষিণ অঞ্চলের প্রতিটি ঘাটে আমি যাওয়ার চেষ্টা করব এবং যাব ইনশাল্লাহ।

নদীপথে নাব্যতা সংকট নিয়ে তিনি বলেন, এখান থেকে যে লঞ্চগুলো ঢাকা যাবে এর মাঝখানে কিছু জায়গায় কিছু চর আছে, সেখানে আমাদের ড্রেজিং ব্যবস্থাও আছে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি ড্রেজিং এ স্থানীয় লোকজন বাধা দিচ্ছে। কারণটা হচ্ছে ড্রেজিং করলে অনেক সময় নদীর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সে বিষয়টিকে স্থানীয় লোকজন মাথায় নিয়ে ড্রেজিং কার্যক্রমে বাধা দিচ্ছে। এ বিষয়ে আমরা ঐসব জায়গার জনপ্রতিনিধিদের সাথে কথা বলব এবং ড্রেজিং সম্পন্ন করব যাতে জাহাজগুলো পটুয়াখালী পর্যন্ত আসতে পারে।

পরিদর্শন শেষে পটুয়াখালী লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাসহ পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: