স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আগমন করেন। দপ্তরে পৌঁছে তিনি প্রথমে বেশ কিছু জরুরি দাপ্তরিক কার্য সম্পাদন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, আজ বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।
২০০৮ সালের পর দীর্ঘ দেড় যুগ পেরিয়ে এবার এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক আবহে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এবার ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: