• NEWS PORTAL

  • সোমবার, ৩০ মার্চ ২০২৬

সড়কে অনিয়মের দিন শেষ, সরকারের নজরে আসছে সব গণপরিবহণ

প্রকাশিত: ২২:৫৫, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সড়কে অনিয়মের দিন শেষ, সরকারের নজরে আসছে সব গণপরিবহণ

ছবি: ফাইল ফটো

সড়কে অনিয়ম নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে দেশের সব গণপরিবহণে জিপিএস ট্র্যাকার (GPS Tracker) বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এতে যানবাহন আইন লঙ্ঘন করছে কি না, তা পর্যবেক্ষণ করা সহজ হবে এবং একইসঙ্গে ফিটনেসবিহীন পরিবহণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে সরকারের কার্যক্রম জোরদার করতে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সামনে হাইওয়ে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, ফেরিতে ওঠার ক্ষেত্রে যাত্রীবাহী বাস থেকে সব যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে তুলতে হবে, যাতে নিরাপত্তাজনিত ঝুঁকি কমে।

ঈদের আগে ও পরে তিন দিন ট্রাক-লড়ি মহাসড়কে চলাচল না করার নির্দেশনা থাকলেও বাস্তবে অনেক জায়গায় তা মানা হয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। তার মতে, কিছু এলাকায় যানজটের অন্যতম কারণ এই ট্রাক-লড়ির অনিয়ন্ত্রিত চলাচল। তিনি আরও জানান, ভবিষ্যতে মহাসড়কের পাশে যত্রতত্র অবৈধ টিকিট কাউন্টার বসতে দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা সামগ্রিকভাবে স্বস্তিদায়ক ছিল। তবে কিছু স্থানে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার হার কমেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত