৬ দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন ড. ইউনূস
৬ দিনের সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার (২৯ মার্চ) ঢাকায় ফেরার পরদিন সোমবার (৩০ মার্চ) রাজধানীর ইউনূস সেন্টারের নিজ কার্যালয়ে যোগ দেন তিনি।
টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আয়োজনে ‘হারমোনি বাই ডিজাইন: এশিয়া ডায়লগ’ শীর্ষক সংলাপে অংশ নেন ড. ইউনূস। সফরকালে সাবেক থাই প্রধানমন্ত্রী চুয়ান লিকপাইসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রফেসর ইউনূস। এছাড়াও সফরে সাবেক ফার্স্ট লেডি আকি আবেসহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
সফরকালে ড. ইউনূস ‘নেক্সট জেনারেশন এশিয়া পিসবিল্ডিং’ ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। যেখানে তিনি তরুণদের সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক সুযোগকে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। এছাড়াও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে শূন্য-খরচে অভিবাসনের আওতায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তিনি।
সফরকালে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে নৈশভোজে অংশ নেন। ওই সময় তারা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারেও আগ্রহ প্রকাশ করেন।
৬ দিনের এই সফরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ওয়াইওয়াই ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সজীব এম. খায়রুল ইসলাম।
বিভি/এজেড



মন্তব্য করুন: