তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’
সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়ার নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হবে না। বুধবার (২৫ মার্চ) বিকালে জেলা তথ্য অফিস থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না।
জ্বালানি নিতে গেলে চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। হেলমেট পড়া বাধ্যতামূলক। পাশাপাশি জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড থাকা আবশ্যক। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
প্রশাসন আরও জানিয়েছে, প্লাস্টিক বোতল, ড্রাম বা কোনো কনটেইনারে তেল নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমোদিত ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই নতুন নিয়মের ফলে সাতক্ষীরার মোটরসাইকেল ব্যবহারকারীদের তেল সংগ্রহে অবশ্যই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: