জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিবেচনাধীন, যার ফলে মূল্যস্ফীতি বাড়বে। জ্বালানি তেল নিয়ে যে সংকট তৈরী হয়েছে তা কেবল বাংলাদেশের সংকট নয়, এটি বৈশ্বিক সংকট উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে জ্বালানি সংকটের কারণে মূল্য বৃদ্ধি করা হলেও বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কিন্তু সরকারকে যে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে তাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারাস্থ কোরিয়ান ইপিজেডে ইয়াংওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়েজিত ইয়াংওয়ান- চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্য বাদেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্বালানী তেল ও গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সবাইকে জ্বালানী সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। মন্ত্রী আরো বলেন, দেশের পুঁজিবাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে৷ খুব শীঘ্রই সুখবর আসবে।
ইয়াংওয়ান- চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়টির ১৬ জন শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অংম হিসেবে ইয়াংওয়ান কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি পড়ালেখা শেষে প্রতিষ্ঠানটিতে চাকুরীতে যোগদান করবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: