• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ব্যয় সংকোচনে কঠোর সিদ্ধান্ত সরকারের, গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ

প্রকাশিত: ০১:১১, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ব্যয় সংকোচনে কঠোর সিদ্ধান্ত সরকারের, গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে যানবাহন কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ প্রদান বন্ধ রাখা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যয়ে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা অবশিষ্ট অর্থবছরে কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনার ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও স্থগিত করা হয়েছে।

সেমিনার ও কনফারেন্স খাতে সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে, তবে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ খাতে বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে।

ভবন নির্মাণ ও অভ্যন্তরীণ শোভাবর্ধন খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। তবে ৭০ শতাংশের বেশি অগ্রগতি থাকা প্রকল্পে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে। পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় আপাতত বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সীমা অতিক্রম করে ব্যয় করলে ভবিষ্যতে কোনো বকেয়া দাবি গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ আর্থিক চাপের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরকার বারবার ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: