• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, অল্পে রক্ষা

প্রকাশিত: ০৭:৪৬, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সিলেট বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, অল্পে রক্ষা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এবং রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রাত ১১টা ৩৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। একই সঙ্গে এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: