ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল লক্ষ্য। সেই লক্ষ্যে দেশের চার কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তার সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ বিবেচনায় নিয়ে জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এদিকে, সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস হয়েছে। এর ফলে, দেশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এদিকে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রকোপ বেড়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় সংসদের প্রথম বেলার অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালী-১ আসনের এমপি এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপির সরকারের মূল দর্শন হলো সব পরিবারের উন্নয়ন করা।
এরপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বিল পাসের আহবান জানালে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাস হওয়ায় দেশে নিষিদ্ধ থাকছে আওয়ামীলীগের কার্যক্রম। এর আগে, জরুরী জন-গুরুত্বপূর্ণ বিষয় হামের প্রকোপ নিয়ে সংসদে টিকার মজুত জানতে চান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা।
সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আসনে বসা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিষয়টি স্পিকার আমলে না নিলেও বিল পাসের সময় নিজ অবস্থানে ফিরে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভি/এসজি



মন্তব্য করুন: