ইতালির স্বপ্ন, লিবিয়ায় মৃত্যু: ৫০ লাখ নিয়েও ছাড়লো না দালালরা!
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের জহুরুল ইসলাম। বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন তিনি, পরিবার-পরিজনের মুখে হাসি ফোটানোর আশায় পাঁচ মাস আগে পাড়ি জমান। কিন্তু সেই স্বপ্নই রূপ নিল দুঃস্বপ্নে।
স্থানীয় দালাল চক্রের প্রলোভনে পড়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছান জহুরুল। সেখানে তাকে একটি বন্দিশালায় আটকে রেখে শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারের কাছে পাঠানো হয় নির্যাতনের ভিডিও, আর ধাপে ধাপে আদায় করা হয় প্রায় ৫০ লাখ টাকা। তবুও নির্যাতন থামেনি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিলেও, মুক্তিপণের চাপ এবং নির্মম অত্যাচারের মধ্যে শেষ পর্যন্ত জীবন হারান জহুরুল।
পরিবারের তথ্য অনুযায়ী, জহুরুলসহ অনেককে উলঙ্গ করে শুইয়ে রেখে একের পর এক লাঠির আঘাত করা হয়েছিল। জীবন বাঁচাতে আকুল আবেদন করলেও ভিডিও পাঠিয়ে পরিবার থেকে মুক্তিপণের টাকা আদায় করা হতো।
নিহতের মৃত্যুর খবর শুনে শোক আর আহাজারিতে ভেঙে পড়েছে তার পরিবার। দুই শিশু সন্তান নিয়ে দিশেহারা রয়েছেন তার স্ত্রী। পরিবার ও স্বজনরা মাফিয়া দালালদের সর্বোচ্চ শাস্তি এবং জহুরুলের মরদেহ দেশে ফেরানোর জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।
এদিকে অভিযুক্ত দালাল জাকির মাতুব্বর ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন।
জহুরুলের সঙ্গে একই উপজেলার মধ্য ধুলগ্রাম এলাকার আসসালামু সৈয়দের ছেলে ইমামুল সৈয়দও নির্যাতনের শিকার হয়ে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
রিপোর্ট:
কণ্ঠ: মিনালা দিবা
বিভি/পিএইচ



মন্তব্য করুন: