• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম

প্রকাশিত: ১১:৫৩, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP)-এর ফোর্স কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিবৃতিতে বিদায়ী ফোর্স কমান্ডারের নিষ্ঠা ও দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ মহাসচিব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। তার রয়েছে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণমূলক (ইন্সট্রাকশনাল) দায়িত্বে সমৃদ্ধ অভিজ্ঞতা। এ নিয়োগের আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার (২০২৪–২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর কমান্ড্যান্ট হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ইউএনএফআইসিওয়াইপি হচ্ছে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিরক্ষা মিশন, যেখানে দ্বীপটির স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করে থাকেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই শীর্ষ অবদানকারী দেশগুলোর একটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে হাজারো বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তাদের পেশাদারিত্ব, মানবিকতা ও দক্ষতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত